নজর২৪, ঢাকা- শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির বিষয়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানিগুলো বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি নিজেও হাফ ভাড়া দিয়েছি। তখন অনেক ক্ষেত্রেই হাফ ভাড়া ছিল।
সোমবার (২২ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শাহবাগে এক সাংবাদিক নি র্যাতনের ঘটনাটি দুখঃজনক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমি হামলার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে আদালত জামিন দেয়নি, জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং বিষয়টি আমরা মনিটরিং করছি।
বিএনপি সরকার পতনের আন্দোলনের হুমকির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘প্রথমত বহুবার তারা এ ধরনের দাবি করেছেন। মাঝে মধ্যে বিশৃঙ্খলার অপচেষ্টা চালিয়েছেন। এবার যদি এ ধরনের বিশৃঙ্খলা চালানোর অপচেষ্টা করা হয়, জনগণ সেটি কঠোর হস্তে প্রতিহত করবে এবং সরকার জনগণের সঙ্গে থাকবে।’
