১ টাকা পারিশ্রমিকে বঙ্গবন্ধুর বায়োপিকে জায়েদ খান

বিনোদন ডেস্ক- এবার চিত্রনায়ক জায়েদ খানও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র সঙ্গে যুক্ত হলেন। এই চলচ্চিত্রে জায়েদ খান অভিনয় করবেন টিক্কা খানের চরিত্রে।

 

আজ সোমবার (২২ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে এই চলচ্চিত্রের ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন জায়েদ খান। জায়েদ খান ছবিতে পারিশ্রমিক নেবেন মাত্র ১ টাকা।

 

এদিন বিকালে জায়েদ খান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘আমি মুম্বাইয়ে অডিশন দিয়ে এসেছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করব। বঙ্গবন্ধুর বায়োপিক একটা স্বপ্নের প্রোজেক্ট। সেই স্বপ্নের অংশ হতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক আনন্দের।’

 

বেশ কদিন ধরেই জায়েদ খানকে ফোনে পাওয়া যাচ্ছিল না। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করলে সাড়া পাওয়া যাচ্ছিল। অবশেষে তিনি জানাতে বাধ্য হন, ভারতের মুম্বাইয়ে অবস্থান করছিলেন। কেন মুম্বাই সফর, তা কোনোভাবেই বলছিলেন না। তবে আজ স্পষ্ট করলেন মুম্বাই সফরের কারণ।

 

বললেন, আসলে আমি অডিশন দিতেই গিয়েছিলাম। কিন্তু বিষয়টি নিশ্চিত না হওয়ায় কাউকে বলতে পারছিলাম না। কনফার্ম হওয়ার পর পোশাকের মাপ দিতে কয়েক দিন চলে গেল। এরপর দেশে ফিরি। আজ চুক্তি স্বাক্ষর হলো। আমি টিক্কা খানের চরিত্রে অভিনয় করব।

 

তিনি বলেন, মাত্র এক টাকা নিচ্ছি এই ছবির পারিশ্রমিক। এর কারণ, বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা থেকে কাজ করতে যাচ্ছি, এর চেয়ে বড় প্রাপ্তি তো হতে পারে না।’

 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

 

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে। তার আগে কিছুদিনের মধ্যে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন করা হবে।

 

উল্লেখ্য, বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *