Home দেশের খবর নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ: ওসি-সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ: ওসি-সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

0
271

নজর২৪, নাটোর- নাটোর শহরের আলাইপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ, সংবাদকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

 

সোমবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৪ জন বিক্ষোভকারীকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।

 

বিএনপি সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে সকাল ১০টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন দলের নেতা-কর্মীরা। এসময় পুলিশ এসে বাধা দিলে এই সংঘর্ষ বাধে।

 

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন বলেন, ‘সকালে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে। এসময় সদর থানার ওসি মনসুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে রাস্তার অবরোধ তুলে দিতে যান। এসময় বিএনপির কর্মীরা তাকে লাঞ্ছিত করেন। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু পরক্ষণেই তারা আবার সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।’

 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে।

 

জানা গেছে, বিএনপি নেতা-কর্মীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে সদর থানার ওসি মনসুর রহমান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, ও বাংলাভিশনের নাটোর প্রতিনিধি কামরুল ইসলামসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। তারা বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে অতর্কিতে হামলা চালিয়েছে। এতে আমাদের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here