বাংলাদেশে সেরা চিকিৎসা হলে মানুষ ভারতে ছুটে যাচ্ছে কেন: রুমিন

নজর২৪, ঢাকা- বিদেশে যেতে না দেওয়ার কারণে উন্নত চিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

 

তিনি বলেন, ‘আমরা দেখি সামান্য একটু হাঁচি, কাশি, সর্দি চিকিৎসার এমনকি রুটিন চেকআপের জন্য রাষ্ট্রপতি জার্মানি, ইংল্যান্ডে যান। কিন্তু আমাদের সরকার দলীয় এমপিরা আমাদের শোনায় ওনার বেস্ট চিকিৎসা নাকি বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে যদি সেরা চিকিৎসাটা হতো তাহলে কেন আমরা দেখি অতি সাধারণ মানুষও পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসার জন্য ছুটে যাচ্ছে।’

 

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক মানবন্ধনে এ কথা বলেন তিনি। বিএনপি প্রধানের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করে দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

 

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার সময় পায়ে হেঁটে গেছেন। গত তিন বছরে সরকারের হেফাজতে থেকে বেগম জিয়া অসুস্থ হয়েছেন। এর দায় সরকারকে নিতে হবে।’

 

সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা জানেন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি যখন কারাগারে যান তিনি পায়ে হেঁটে গেছেন কিন্তু গত তিন বছরে তার কি হাল হয়েছে এটা দেশের মানুষ জানে। এর দায় এই সরকারকে নিতে হবে। কারণ গত তিন বছরে তিনি দল, পরিবার এবং নিজের হেফাজতে ছিলেন না। তিনি ছিলেন আওয়ামী লীগের হেফাজতে।’

 

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির এমপি হারুনুর রশীদ বলেন, ‘আমাদের সংসদ থেকে বেরিয়ে যেতে বাধ্য করবেন না।’

 

তিনি বলেন, তাদের দাবি ন্যায়সংগত। এ দাবি মানা না হলে তারা জাতীয় সংসদে থাকবেন কি না, সেটি চিন্তাভাবনা করবেন।

 

হারুন আরও বলেন, জাতীয় সংসদে আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী যেভাবে পেছন ফিরে ‘ডিকটেট’ করেছেন, তা লজ্জাকর। আর আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন, তা হাস্যকর।

 

আরেক এমপি জি এম সিরাজ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু সরকার চিকিৎসকের কথা উপেক্ষা করছে।

 

তিনি বলেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর যে শারীরিক ভাষা দেখা গেছে, তাতে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তারা কিছু আশা করেন না।

 

রাষ্ট্রপতিকে তার ক্ষমতাবলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান বিএনপির এই এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *