Home জাতীয় খালেদার জন্য সংসদের সামনে দাঁড়ালেন বিএনপির এমপিরা

খালেদার জন্য সংসদের সামনে দাঁড়ালেন বিএনপির এমপিরা

0
100

নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছেন দলটির সংসদ সদস্যরা।

 

আজ রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ কর্মসূচি শুরু হয়।

 

প্রায় আধাঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে অংশ নেন বগুড়ার সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, সরাইলের উখিল আবদুস সাত্তার, চাপাইনবাবগঞ্জের হারুনুর রশিদ ও সংরক্ষিত আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

 

এমপি রুমিন ফারহানা বলেন, ‘আইনমন্ত্রী ৪০১ ধারার অপব্যাখ্যা দিয়েছেন। আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা পুরোটাই মিথ্যা। এই সরকার অবৈধভাবে আইন ব্যবহার করে। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে আইন ব্যবহার করে না। বলা হচ্ছে, খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে। তিনি এখন সিসিইউতে। তার পক্ষে কীভাবে জেলে গিয়ে আবেদন করা সম্ভব?’

 

তিনি আরো বলেন, ‘দেশে যদি আইনের শাসন থাকতো, বিচার বিভাগ স্বাধীন থাকতো, তাহলে এই ৪০১ ধারা লাগতো না। উনার বয়স শারীরিক অবস্থা সামাজিক মর্যাদা এতেই তিনি জামিন লাভের যোগ্য। তিনি জামিন পেতেন। তার উন্নত চিকিৎসার অভাবে কিছু হয়ে গেলে দায়ভার সরকারকে নিতে হবে।’

 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here