স্পোর্টস আপডেট ডেস্ক- ১৩তম ওভারের শেষ বলটি করতে যাচ্ছিলেন তাসকিন আহমেদ। ওই সময় নর্দার্ন গ্যালারি থেকে এক দর্শক গ্রিল টপকে মাঠে ঢুকে পড়েন। মাঠের আশপাশের ১০-১২ জন গ্রাউন্ডসকর্মী মিলেও তাকে ধরতে পারেননি।
ওই যুবক সোজা চলে যান মূল উইকেটের কাছে। ফলে নিরাপত্তার দেয়াল তো ভাঙলোই, একই সঙ্গে বায়ো বাবলও তো আর থাকলো না!
তাসকিনের শেষ বলে লং অনে ফিল্ডিং করছিলেন মোস্তাফিজুর রহমান। তাসকিনের ওভার শেষ হতেই তারকাটাঁর গ্যালারি টপকে নেমে পড়েন এই দর্শক। মোস্তাফিজের দিকে এগিয়ে যেতে থাকেন। মোস্তাফিজ অনাহূত আগন্তককে দেখে পিছিয়ে যান। তখন মোস্তাফিজের সামনে হাঁটু গেড়ে বসে কুর্ণিশ করেন এই যুবক। ততক্ষণে অবশ্য নিরাপত্তারক্ষায় নিয়োজিত লোকজন মাঠে প্রবেশ করে ওই যুবকে টেনে বাইরে নিয়ে যান।
করোনাবিধির নিষেধাজ্ঞার সময়ে এমন ঘটনা নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করলো। আগের ঘটনায় ক্রিকেটাররা ভক্তকে আগলে রাখলেও আজ কাছেও আসেননি। তারপরও শেষরক্ষা হয়নি। মোস্তাফিজের পায়ে হাত রেখে সালাম করেন।
এদিকে মুস্তাফিজের শরীর স্পর্শ করায় তিনিও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।
