খুলনায় বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশের বাধা

নজর২৪, খুলনা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার (২০ নভেম্বর) সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।

 

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির পর এই প্রথম মাঠের কর্মসূচিতে গেলো দলটি।

 

তবে সকাল ৯টায় গণঅনশন শুরু করতে গিয়ে বাধার সম্মুখিন হন খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ অনশন শুরু হলে পুলিশ তাদের সেখান থেকে উঠিয়ে দেয়। এছাড়া ২ জনকে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। এরপর বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে অনশন শুরু করে।

 

মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক সামসুজ্জামান চঞ্চল বলেন, অনশন শুরু হলে পুলিশ বাঁধা দেয়। এর ফলে দলীয় কার্যালয়ের সামনেই নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। সকাল পৌঁনে ১০টায়ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা চলছিল।

 

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ কর্মসূচি বানচালে ধরপাকড়ও চালিয়েছে।

 

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের আসতেও বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে তারা দলীয় কার্যালয়ের ভেতরে অনশন কর্মসূচি পালন করছেন। সকাল সোয়া ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এ অনশন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সরকার মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। এছাড়া তার শারীরিক অবস্থা খুবই খারাপ হলেও বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না।

 

সমাবেশে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *