বিনোদন ডেস্ক- ঢালিউডের শান সিনেমার জন্য গান গেয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি আরমান মালিক ও পলক মুচ্ছাল। এই জুটির ‘চলো পাখি হই’ শিরোনামের গানটিতে অভিনয় করেছেন ঢালিউডের উঠতি অভিনেতা সিয়াম আহমেদ ও পূজা চেরি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গানটির ফার্স্ট লুক ইউটিউবে প্রকাশ করা হয়েছে। পূজা চেরি নিজের ফেসবুক পেজে গানটি শেয়ারও করেছেন।
দেড় মিনিটের টিজারে নানা সাজে রোমান্স করতে দেখা গেছে জুটিকে। পূজাকে দেখা গেছে চারটি শাড়ি, গোলাপি ও সাদা রংয়ের পোশাকে। তবে পূজার মতো সিয়াম এত ভাগ্যবান না। পূজাকে মোট ছয়টি পোশাকে পাওয়া গেলেও সিয়ামকে পাওয়া গেছে চারটি পোশাকে।
তবে গানটির মন্তব্যের ঘরে অধিকাংশই প্রশংসা করেছেন। অনেকে আরমান মালিক ও পলক মুছালের কণ্ঠে তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন। একজন দর্শক-শ্রোতা আবার পূজার পোশাকের প্রশংসা করেছেন। লিখেছেন, ‘প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর মানিয়েছে পুজা কে’।
শান একটি পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানুয়ারির ৭ তারিখ। এম রাহিমের পরিচালনায় সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।
