Home জাতীয় হামলা প্রমাণ করে সরকার আমাদের দলকে ভয় পায়: রেজা কিবরিয়া

হামলা প্রমাণ করে সরকার আমাদের দলকে ভয় পায়: রেজা কিবরিয়া

0
174

নজর২৪, ঢাকা- গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘গণ অধিকার পরিষদের নেতাদের ওপর টাঙ্গাইলে হামলাই প্রমাণ করে আমাদের দলকে সরকার ভয় পায়। কারণ আমরা জোর গলায় অনেক কিছু বলি।’

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা নিবির পাল ও মানিক শীলের নেতৃত্বে বুধবার গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়।

 

রেজা কিবরিয়া বলেন, ছাত্রলীগের ছেলেরা আমাদের ওপর ইট, পাটকেল, লাঠিসোঁটা নিয়ে হামলা করে। আমরা পুলিশের কাছে নিরাপত্তা পেয়েছি। তখন কিছু পুলিশের সদস্য আমাদের সহায়তা করছে, তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপরও হামলা করেছে। ছাত্রলীগের যে ছেলেরা পুলিশের ওপর আঘাত করেছে, এটার ভিডিও আছে। মানিক শীল ও নিবির পাল দু’জনকেই এলাকার মানুষ চেনে।
তারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলো।

 

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে ফুল দেয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। আসলে আমাদের বড় মিছিল দেখে হয়তো আওয়ামী লীগ ঈর্ষান্বিত। কারণ, তাদের কাছে তো টাকা না দিয়ে কেউ যায় না।

 

সরকারকে অগণতান্ত্রিক উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের ভবিষ্যতে কী হবে, কী পরিণতি হবে এটা আমরা আন্দাজ করতে পারি। দুনিয়াতে এমন অনেক সরকার ছিল। কিন্তু এক সময় না এক সময় তাদের সরে যেতে হয়েছে।

 

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, ‘ভাসানীকে শ্রদ্ধা জানাতে আমরা গিয়েছিলাম, যেটি অরাজনৈতিক একটি কর্মসূচি ছিল। সেখানে ছাত্রলীগ, যুবলীগ, স্থানীয় আওয়ামী লীগ অতর্কিত হামলা করল। দুই–তিন দফায় হামলা করা হয়।’

 

বর্তমান সরকার একটা অমানবিক সরকার মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘আমাদের নানাভাবে নাজেহাল করার জন্য, মামলা-হামলা দিয়ে থামিয়ে দিতে, প্রাণ নাশ করতে চেষ্টা করা হচ্ছে। দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকার ফলে সরকার যা ইচ্ছা তা–ই করছে, প্রশাসন আইনের তোয়াক্কা করছে না। যেটা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে না, সেটাও তারা করছে।’ তিনি বলেন, ‘এর বিচার জনগণের কাছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই–সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে। না হলে আমরা কোনো বিচার পাব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here