বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল (১৬ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে তাকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দল মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার রাতে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, চিকন আলী এখন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দলের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এখনো চিকন আলীকে আটক কিংবা গ্রেফতার দেখানো হয়নি বলে জানান এই ডিবি কর্মকর্তা।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, চিকন আলীর বিরুদ্ধে অশ্লীল ভিডিও বানানোর অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনিও অনুতপ্ত। আমরা জানার চেষ্টা করছি, এসবের সঙ্গে আর কারা কারা জড়িত।
এর আগে বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চিকন আলীর সন্ধানের জন্য রাজধানীর এফডিসিতে শিল্পী সমিতির দ্বারস্থ হন তার স্ত্রী খুশি।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাতে ডিবির একটি দল আমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। আজ (বুধবার) ভোর থেকে মিন্টো ডিবি অফিসে বসে থাকি। কাল যে দল আমার স্বামীকে ধরে নিয়ে আসে, তাদের একজনের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করি। তিনি পরে কথা বলবেন বলে চলে যান।’
খুশির দাবি, সারাদিন অপেক্ষা করেও স্বামীর খোঁজ তিনি পাননি। বাধ্য হয়ে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এসেছেন।
উল্লেখ্য, নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন চিকন আলী। কিন্তু বনে যান কমেডিয়ান। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে চিকন আলীর। তার উল্লেখযোগ্য অভিনয় করা চলচ্চিত্র হলো- মনে প্রাণে আছ তুমি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, লাভ ম্যারেজ, শুটার, বসগিরি, বেপরোয়া।
