চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে ১০০ নাগরিকের বিবৃতি

নজর২৪, ঢাকা- অনেকদিন ধরেই অসুস্থ বেগম খালেদা জিয়া। ভর্তি আছেন রাজধানী গুলশানের একটি হাসপাতালে। এ অবস্থায় দলীয় প্রধানের সুচিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিএনপির নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার শত নাগরিক জাতীয় কমিটি নামে একটি ব্যানারে দেশের একশ’ জন নাগরিক যৌথ বিবৃতিতে একই দাবি জানান। তারা আশা করেন, মানবিকতা দেখিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।

 

বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর অবস্থা এখন সংকটাপন্ন। এ অবস্থায় সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ, সকল প্রকার প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণ দল ও ব্যক্তিস্বার্থ পরিহার করে, সম্পূর্ণ মানবিক কারণে জনগণের এই প্রিয় নেত্রীকে যত দ্রুত সম্ভব, অত্যাধুনিক চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন।’

 

বিবৃতিতে আশঙ্কা করা হয়, ‘এ ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যা কারও জন্য ভালো বার্তা বহন করবে না। আমরা প্রত্যাশা করি সরকারের মধ্যে কল্যাণ ও মঙ্গলবোধ জেগে উঠবে। তারা সত্যিকারের দায়িত্বশীলতার সঙ্গে শুভচেতনার পরিচয় দিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রার ব্যবস্থা করবে।’

 

শত নাগরিকের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রফেসর ড. এস এম এ ফায়েজ, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, প্রফেসর জেড এন তাহমিদা বেগম, প্রফেসর ড. ওয়াকিল আহমেদ, প্রফেসর মনসুর মুসা, প্রফেসর আবদুল হাই শিকদার (কবি), প্রফেসর ডা. আবদুল কুদ্দুস, প্রফেসর ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. লুৎফুর রহমান, প্রফেসর আবদুর রহমান সিদ্দিকী, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসুদ, প্রফেসর ড. মুজাদ্দেদী আলফেসানী, প্রফেসর ড. কামরুল আহসান, প্রফেসর ড. ফরহাদ হালিম ডোনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *