নজর২৪, ঢাকা- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপকমিশনার (ডিসি) ছিলেন বিপ্লব কুমার। ২০১৯ সালের ১৩ জুন তাকে রংপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়।
চলতি বছরের ১৮ অক্টোবর বিপ্লবকে রংপুর থেকে বদলি করে ডিএমপি সদর দপ্তরে আনা হয়। এর প্রায় এক মাসের ব্যবধানে তাকে আবার তেজগাঁওয়ের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপি সদরদপ্তর থেকে সোমবার (১৫ নভেম্বর) বিপ্লবসহ তিন কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়। ডিএমপি কমিশনার স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়।
একই আদেশে তেজগাঁও বিভাগের বর্তমান উপ-কমিশনার মো. শহিদুল্লাহকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে আর টাঙ্গাইল পুলিশ সুপার পদ থেকে ডিএমপিতে ফিরিয়ে আনা উপ-কমিশনার সঞ্জিত কুমার রায়কে সচিবালয় নিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়েছে।
