হাজিরা দিতে আদালতে নায়িকা পরীমণি

নজর২৪, ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বনানী থানার মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন।

 

সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে পরীমনিসহ তিন আসামি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির হন। বর্তমানে তারা এজলাসে রয়েছেন।

 

এদিকে, পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনের মামলায় চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে সোমবার।

 

মামলার অন্য দুই আসামি হলেন-পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

 

এর আগে গত ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। পরদিন আদালত চার্জশিট গ্রহণের তারিখ ২৬ অক্টোবর ধার্য করেন। ওই দিন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

 

তবে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক চার্জশিট গ্রহণ করেননি। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

 

গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে মাদকের মামলায় পরীমনিকে তিন দফা রিমান্ডে নেয়া হয়। ৩১ আগস্ট অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত তাকে জামিন দেয় আদালত। পরদিন তিনি কারামুক্ত হন।

 

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা গত ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *