শিয়ালের মাংস ১০০০ টাকা কেজি, আধা ঘণ্টায়ই বিক্রি শেষ

নজর২৪ ডেস্ক – কুমিল্লার লাকসামে প্রকাশ্যে শিয়াল জবাই করে ১০০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয়েছে। গত বুধবার বিকেলে কয়েকজন যুবক লাকসাম দৌলতগঞ্জ রাজঘাট নতুন বাজারে ব্রিজের কাছে একটি শিয়াল জবাই করে সেটির মাংস বিক্রি করেন। শিয়ালের মাংস খেলে নানা রোগের উপশম হয়। এমন প্রচার করেন তাঁরা। এ বিশ্বাস থেকে বহু ক্রেতা সেই মাংস কিনেছেন।

 

স্থানীয় লোকজন জানান, ওই দিন দুপুরে দৌলতগঞ্জ বাজারের রাজঘাট ব্রিজের পূর্ব পাশের নতুন বাজারে শিয়ালটি জবাই করা হয়। জবাই ও মাংস কাটার জন্য জিয়া নামে স্থানীয় এক কসাইকে ১৫০ টাকা দেওয়া হয়।

 

বাজারে প্রকাশ্যে শিয়াল জবাইকালে একজন মোবাইলে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। এরপরই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হয়ে যায়।

 

ভিডিওতে দেখা যাচ্ছে, সাইফুল ইসলাম, মরণ ও লিটনসহ কয়েকজন যুবক ও তাঁর সহযোগীরা ক্রেতাদের আকৃষ্ট করতে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা প্রচার করছেন। ভিডিও ধারণকারীও মাংস বিক্রেতাদের একজন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা বলেন, মাংস বিক্রেতারা বলেছিলেন, বাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিকল্প নেই। এসব ক্ষেত্রে শিয়ালের মাংস অব্যর্থ ওষুধ। তাঁদের সে কথায় বিশ্বাস করে অনেকেই শিয়ালের মাংস কিনে নেন। মানুষের বিশ্বাস করাতে পাশেই রাখা হয়েছিল শিয়ালের মাথা। আধা ঘণ্টার মধ্যে মাংস বিক্রি শেষ হয়ে যায়।

 

ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি মাংসবিক্রেতাদের জিজ্ঞেস করছেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ ও ইসলামে শিয়ালের মাংস খাওয়া যে হারাম তা তোমরা জানো? এমন প্রশ্নে মাংসবিক্রেতা মরণ ওরফে মরা মাথা নেড়ে জানেন না বলে জানান।

 

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মনসুর আহমেদ মুন্সি বলেন, বিষয়টি আমি জানি না, যে এলাকায় শিয়াল জবাই ও মাংস বিক্রি করা হয়েছে সেটি আমার ওয়ার্ডে নয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ, এ ঘটনায় খবর নিয়ে তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *