ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

স্পোর্টস আপডেট ডেস্ক- দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (১৩ অক্টোবর) ভোরে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মন্টিভিডিওতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। এ ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তা উড়িয়ে দিয়েছেন কোচ স্ক্যালোনি।

 

গেল মাসে বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচের সুখস্মৃতি এখনো ভুলতে পারছেন না আর্জেন্টিনার সমর্থকরা। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে পথ হারালেও, পরের দুই ম্যাচে উরুগুয়েকে ৩-০ ও পেরুকে ১-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। চমৎকার সে যাত্রা ধরে রেখে বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয়ের লক্ষ্য স্ক্যালোনির দলের।

 

উরুগুয়েকে হারাতে পারলে কাতার বিশ্বকাপের টিকিট বলতে গেলে একপ্রকার নিশ্চিতই হয়ে যাবে মেসিদের। বাকি থাকবে শুধু আনুষ্ঠানিকতার। তারপরও, কোনো ভুল করতে চায় না আর্জেন্টিনা।

 

ম্যাচের ভেন্যু উরুগুয়ের রাজধানী মন্টিভিডিও। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে বাড়তি চাপ থাকবে। এটা জানেন স্ক্যালোনি। তবে, মেসির ফিট হওয়ার খবরে সে সব চাপ তুড়ি মেড়ে উড়িয়ে দিয়েছেন কোচ। দলের সেরা অস্ত্রকে কে না পেতে চায় বলুন?

 

পিএসজির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন মেসি। শঙ্কা ছিল উরুগুয়ে ম্যাচে তার থাকা নিয়ে। তবে, মেসি অনুশীলন করেছেন শেষ দিনেও। তাকে নিয়ে আশাবাদী কোচও।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘মেসি বেশ ফিট হয়ে উঠেছে। সে খেলতে মুখিয়ে আছে। আমরা তাকে কোনো জোর করিনি। সে নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছে। ও খেললে ম্যাচে ভাল করাটা আমাদের জন্য আরও সহজ হবে।’

 

আর্জেন্টিনারই ফুটবলবিষয়ক ওয়েবসাইট মুন্দো আলবিসেলেস্তে লিখেছে, বন্ধু লুইস সুয়ারেজের দল উরুগুয়ের বিপক্ষে মেসি কাল খেলছেন। সে ক্ষেত্রে আক্রমণে লাওতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়ার সঙ্গী হবেন মেসি।

 

বার্সেলোনা ছেড়ে গত আগস্টে পিএসজিতে যাওয়ার পর থেকেই ছোটখাটো নানা চোটে ভুগছেন মেসি। চোট নিয়ে অবশ্য আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জয়ের পথেও শেষ দুটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু এবার হাঁটুর চোট আর হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পিএসজির হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ দুই ম্যাচে খেলেননি মেসি। তার ওপর মেসি চোটটি মূলত পেয়েছিলেন এর আগের আন্তর্জাতিক বিরতিতে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচেই! এর মধ্যেই তাঁর আর্জেন্টিনা দলে ডাক পাওয়া নিয়ে পিএসজি রাগও দেখিয়েছে।

 

কিন্তু আর্জেন্টিনার ডাকে তবু ঝুঁকি নিয়ে এসেছেন মেসি। চোট থেকে সেরে উঠলে খেলবেন, পরিকল্পনা এমনই। আর্জেন্টিনার সংবাদমাধ্যমে আগে থেকে শোনা যাচ্ছিল, আগামীকাল উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মেসি একাদশে থাকা নিয়ে সংশয় আছে, সে ক্ষেত্রে হয়তো বদলি হিসেবে নামতে পারেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *