অবশেষে বিজেপি ছাড়ার ঘোষণা দিলেন শ্রাবন্তী, নেপথ্যে কি

বিনোদন ডেস্ক- বিজেপি ছাড়লেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রী নিজেই টুইট করে এ ঘোষণা দিয়েছেন।

 

চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন তিনি। ভোটে পরাজিত হন। তার পর থেকেই বাড়তে থাকে বিজেপির সঙ্গে দূরত্ব। অবশেষে ছেড়ে দিলেন দল।

 

দল ছাড়ার কথা ঘোষণা দিয়ে শ্রাবন্তী টুইটে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’

 

মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে গত সোমবার রুপাঞ্জনার মিত্রের মতো আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। তার অনুপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছিল যে, তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা না দিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসতে চাননি। যদিও এ বিষয়ে শ্রাবন্তী নিজে কোনো মন্তব্য করেননি।

 

বৃহস্পতিবার সকালে বিজেপি ছাড়ার পর আরও একটি জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনাটি হলো পদ্ম ছেড়ে শ্রাবন্তীর নয়া গন্তব্য কি জোড়াফুল? দল ছাড়ার ঘোষণা দিয়ে তিনি যে টুইট করেছেন তাতে বিজেপিকে বাংলার উন্নয়নের প্রশ্নে দোষার পর সেই জল্পনা আরও বেড়ে গেলো।

 

শ্রাবন্তীর দল ছাড়ার খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ‘গত নির্বাচনে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হওয়ার পর থেকেই বিজেপির কোনো কর্মসূচিতে দেখা মেলেনি নায়িকার। ব্যক্তিগতভাবে কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখলেও দলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি তিনি।’

 

চলতি বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউডের একঝাঁক তারকা। তাদের মধ্যে শ্রীবন্তী ছিলেন অন্যতম। যোগ দিয়েই তিনি বেহালা পশ্চিম থেকে বিজেপির প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে যান। কিন্তু নামের সুবিচার করতে পারেননি। শ্রাবন্তী ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হেরে যান তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। শুধু শ্রাবন্তী নন, বিভিন্ন কেন্দ্রে একই ভাবে পরাজয় বরণ করেন বিজেপির প্রায় এক ডজন তারকা প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *