নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল কাইয়ুম(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের কাওয়ারগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক ওই যুবক উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বালু বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। নিহত ওই যুবক মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জের দিকে যাওয়ার সময় ট্রাকটির পেছনে সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেলের পাশে দুটি হেলমেট পাওয়া গেলেও অপর ব্যক্তিকে খোঁজে পায়নি বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার এসআই আবু তালেব জানান, নিহতের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।
