Home প্রধান খবর কোন বাসে কত ভাড়া বাড়লো?

কোন বাসে কত ভাড়া বাড়লো?

0
183

নজর২৪ ডেস্ক- সরকার ডিজেলের দাম যে হারে বাড়িয়েছে, বাস ভাড়া তার চেয়ে বেশি হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে প্রথম প্রহর থেকে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর সরকারকে চাপে রাখতে তিন দিনের ধর্মঘটের মধ্যে দূরপাল্লার বাস ভাড়া ২৭ শতাংশ এবং মহানগরে ২৬ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বিআরটিএ ও বাসমালিকদের মধ্যে বৈঠকে।

 

রোববার বিআরটিএর কার্যালয়ে সরকারি সংস্থাটির সঙ্গে মালিকদের দীর্ঘ বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বলা হয়, সিএনজিচালিত বাসে বাড়তি ভাড়া কার্যকর হবে না।

 

নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। তাতে দেখা যাচ্ছে, দূরপাল্লার একজন যাত্রীকে প্রতি পাঁচ কিলোমিটারে ১ টাকা ৯০ পয়সা বেশি ভাড়া দিতে হবে।

 

মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটি বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। এতে কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা ভাড়া বেড়েছে। ফলে মহানগর এলাকায় একজন বাসযাত্রীকে পাঁচ কিলোমিটার ভ্রমণের জন্য বাড়তি ২ টাকা ২৫ পয়সা গুনতে হবে।

 

এছাড়া মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। এতে ভাড়া বাড়ে কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা। ফলে মহানগর এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া পাঁচ কিলোমিটারে ২ টাকা ২৫ পয়সা বাড়লো।

 

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজেল-কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করে সরকার। গত বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়।

 

ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই পরিবহন মালিক-শ্রমিকরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর শুক্রবার (৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে রাজধানীসহ সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকেরা। এতে সারাদেশে মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। ধর্মঘট অনির্দিষ্টকালের হওয়ায় দুর্ভোগ কবে শেষ হবে, এ নিয়েও অনিশ্চয়তায় পড়ে মানুষ।

 

তবে তেলের দাম বাড়ানোর পর শুরু থেকেই পরিবহন মালিক ও সংশ্লিষ্টরা বলছিলেন, ডিজেলের দাম না কমানো হলে গণপরিবহনসহ অন্যান্য পরিবহনে ভাড়া সমন্বয় করতে হবে। এনিয়ে গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিআরটিএকে চিঠি দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here