Home প্রধান খবর বেড়েছে ভাড়া, সারাদেশে বাস ধর্মঘট প্রত্যাহার

বেড়েছে ভাড়া, সারাদেশে বাস ধর্মঘট প্রত্যাহার

0
280
bus

নজর২৪, ঢাকা- তিন দিন ধরে বাস বন্ধ রেখে সারাদেশে তীব্র ভোগান্তির মধ্যে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) সন্ধা থেকে দেশের সব রুটে আগের নিয়মে বাস চলাচল করবে।

 

রোববার (৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর বিআরটিএ ভবনে টানা ৫ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

 

বৈঠকে সিদ্ধান্ত হয় দূরপাল্লার বাসভাড়া কিলোমটিার প্রতি ১ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হবে ১ টাকা ৮০ পয়সা। আর মহানগরে বড় বাসের ক্ষেত্রে ১ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ১৫ পয়সা। আর মিনিবাসে তা ১০ পয়সা কম হবে।

 

তবে সিএনজিচালিত বাসের ভাড়া বাড়বে না বলেও ঘোষণা এসেছে। ঢাকা মহানগরে প্রায় সব বাসই সিএনজিতে চলে বলে কার্যত বাড়তি ভাড়া রাজধানীর জন্য প্রযোজ্য নয়।

 

খন্দকার এনায়েত উল্লাহ এক ব্রিফিংয়ে বলেন, ‘পরিবহন মালিকদের আহ্বান জানাচ্ছি এই মুহুর্তে ধর্মঘট প্রত্যাহার করে বাস চালু করা হোক।’

 

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সারাদেশে মালিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। আমরা তাদের সেন্টিমেন্টের সঙ্গে সহমত পোষণ করেছিলাম। পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে সবার সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। সে আলোকেই আজকে বৈঠক হয়। যেহেতু ভাড়া পুনর্নির্ধারণ হয়েছে, আগামীকাল গেজেট হয়ে যাবে।’

 

তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে আমরা সব মালিকদের বাস চালু করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন থেকে নতুনভাবে নির্ধারিত ভাড়া নেওয়া হবে। সরকার নির্ধারিত ভাড়ার বেশি কোনোভাবেই নেওয়া যাবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here