শ্রীমঙ্গলে সমবায় দিবস পালিত

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে ৫০ তম সমবায় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে।

 

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সমবায় দপ্তর, উপজেলা প্রশাসন এবং সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি পালন করা হয়।

 

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

 

শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. মো. আব্দুস শহীদ এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি বলেন, দেশ উন্নয়নে সমবায়ের মাধ্যমে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী-পুরুষ উভয়ের ক্ষমতায়নে বাংলাদেশ একটি সমৃদ্ধ শক্তিশালী দেশ হিসেবে সারা বিশ্বের শীঘ্রই পরিচিতি লাভ করবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। নারীরা এখন কোন কিছুতে পিছিয়ে নেই। পুরুষদের পাশাপাশি তারা এখন পরিবার এবং দেশ উন্নয়নে একসাথে কাজ করছেন।

 

সমবায় দিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলায় আনন্দ শোভাযাত্রা, জাতীয় সংগীত পাঠ ও জাতীয় পতাকা উত্তোলন, সমবায়ে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *