বিনোদন ডেস্ক- গত বছর করোনায় লকডাউন শুরুর আগে মাত্র কয়েকদিনের জন্য প্রেক্ষাগৃহে এসেছিল ‘শাহেনশাহ’ চলচ্চিত্র। যেখানে জুটি বেঁধে সামনে আসেন শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
বলা যায়, এরপর তাদের আর কোনও বাণিজ্যিক ছবি সেভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এ তারকাদ্বয় এবার এসেছেন পর্দায়। জুটি হিসেবে আবারও পাওয়া গেল শাকিব-নুসরাত ফারিয়াকে। তবে সিনেমায় বিজ্ঞাপন চিত্রে।
গত সেপ্টেম্বর মাসে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান।এতে তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ জুটিকে এর আগেও একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। সেই চমকের রেশ ধরে আবারও নজরকাড়া রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন তারা।
শাকিব খান ও নুসরাত ফারিয়ার অভিনীত সেই বিজ্ঞাপনটি গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রচারে এসেছে।২ মিনিট ৩৪ সেকেন্ডের দৈঘের বিজ্ঞাপনটিতে শাকিব-ফারিয়াকে দেখা গেল স্বামী-স্ত্রীর ভূমিকায়। তাদের দুজনের মিষ্টি খুনসুটি, রসায়ন মুগ্ধ করছে ভক্তদের। এছাড়া নেচে-গেয়েও উল্লাস করতে দেখা গেছে এ জুটিকে।
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্রটি নিয়ে আলোচনা-প্রশংসা শুরু হয়ে গেছে এরমধ্যে। ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপে চিত্রটি নিয়ে চলছে চর্চা। এক রাতের মধ্যেই শাকিব-ফারিয়ার যুগলবন্দীতে প্রায় ১ লাখ ভিউ হয়েছে।
রিমন খান নামে একজন লিখেছেন, ‘শাকিব মানে অসাধারণ পারফরম্যান্স। সত্যি বিজ্ঞাপনটি অনেক সুন্দর হয়েছে। কিংখান বলে কথা!’ মাসুদ খান লিখেছেন, ‘খুব খুব সুন্দর হয়েছে শাকিব-নুসরাত।’ নাজমুল রহমান লিখেন, ‘অসাধারণ ফিটনেস! এভাবে ফিটনেস ধরে রাখতে পারলে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু পাবো।’ এমন অসংখ্য প্রশংসাসূচক মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স।
বার্জার পেইন্টসের এই বিজ্ঞাপন নির্মাণ করেছেন সামিউর রহমান। ঢাকার মেরাদিয়ায় অবস্থিত একটি শুটিং হাউজে সেট তৈরি করে নির্মাণ করা হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। এতে ব্যবহৃত গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও লুইপা। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।





