কুকুর নিয়ে ঝগড়া, লাইভে এসে অঝরে কাঁদলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক- টলিউডের গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ অভিনেত্রী কলকাতার যে কমপ্লেক্সে থাকেন সেখানকার পড়শিদের সঙ্গে মনমালিন‌্য নতুন নয়! তা থানা পর্যন্ত গড়িয়েছিল। এবার সেই পড়শিদের সঙ্গে তুমুল ঝগড়া বেধেছে এই অভিনেত্রীর। অবাক করা বিষয় হলো—আর এটির সূত্রপাত রাস্তার কুকুর নিয়ে। শ্রীলেখার সঙ্গে যখন পড়শিদের কথা কাটাকাটি উত্তপ্ত পর্যায়ে তখন ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী।

 

তাতে দেখা যায়, শ্রীলেখার সঙ্গে কমপক্ষে ৮-১০ জন তর্ক করছেন। এ অভিনেত্রী এক কথা বললে অপর পক্ষ থেকে ৩-৪ জন একসঙ্গে কথা বলতে থাকেন। উত্তপ্ত বাক‌্য বিনিময় দীর্ঘ সময় ধরে চলে। কিন্তু দুই পক্ষকে শান্ত করার কেউ নেই। এমনকি সিকিউরিটি গার্ডও নীরব! এর কিছুক্ষণ পর দ্বিতীয়বার লাইভে আসেন শ্রীলেখা। এ সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

 

মূল বিষয় হলো—রাস্তার যেসব কুকুরের খাবারের ব‌্যবস্থা করে থাকেন শ্রীলেখা, সেসব কুকুর কমপ্লেক্স এরিয়ায় আসাকে কেন্দ্র করে। পড়শিরা বিষয়টি মেনে নেবেন না। শ্রীলেখার অভিযোগ—তারা এসব কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলবে। এ খবর শ্রীলেখা জানার পর পড়শিদের জিজ্ঞাসা করেন। তারপরই ঘটে এই ঘটনা।

 

এই কমপ্লেক্সে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে শ্রীলেখা বলেন, ‘আমি কিছু দিন আগে বাবাকে হারিয়েছি। সবকিছু মিলিয়ে মানসিকভাবে ভালো নেই। মুখের উপর অপ্রিয় সত‌্যটা বলে দিই। এ নিয়ে ইন্ডাস্ট্রির অনেককে চটিয়েছি। আসলে আমার একার পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আমার রক্ত পানি করা টাকা দিয়ে এই ফ্ল‌্যাটটি কিনেছি। কিন্তু এখানে আর থাকব না। এই কমপ্লেক্স ছেড়ে দেব।’

 

উল্লেখ্য, গত করোনাজনিত লকডাউনে গত বছর থেকেই রাস্তার অসহায় কুকুরকে খাবার দিয়ে আসছিলেন শ্রীলেখা। অনেকের কাছে তার এই ভূমিকা প্রশংসিত হলেও প্রতিবেশীরা ভালোভাবে নেয়নি। সে কারণেই বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *