বিনোদন ডেস্ক- জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। বাস্তব জীবনে তারা যেমন একই ছাদের নিচে বসবাস করেন, তেমনি পর্দায়ও স্বামী-স্ত্রীর চরিত্রে একাধিকবার হাজির হয়েছেন। আবারো বর-কনে সাজলেন এই জুটি। আর এসবই করেছেন ‘নায়ক’ শিরোনামের একটি নাটকের জন্য।
মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের বর-কনে সাজের একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় জুটিকে এমন সাজে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা।
দেব ঘোষ নামে একজন লিখেছেন—‘ভালোলাগা ও ভালোবাসার মানুষ শুভকামনা রইল সবসময়। সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সবসময় সুখে রাখুক।’ কিরণ লিখেছেন, ‘খুব প্রিয় এবং কাছের দুজন মানুষ, যাদেরকে একসঙ্গে দেখে সবসময়ই খুব ভালো লাগে।’
আবার কেউ কেউ জানতে চেয়েছেন, ক্যারিয়ারে আপনারা কতবার বর-কনে সেজেছেন? অবশ্য অনেকে মোশাররফ করিম-জুঁইয়ের সত্যিকারের বিয়ের ছবি ভেবেছেন।
ভক্ত-অনুরাগীদের পাশাপাশি মোশাররফ করিম-জুঁইয়ের সহকর্মীরাও মুগ্ধতা প্রকাশ করছেন। অনেকে মজার ছলে নানা মন্তব্য করছেন। অভিনেত্রী মনিরা মিঠু লিখেন, ‘ভাবি, তোমাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে।’
সারওয়ার রেজা জিমি রচিত ‘নায়ক’ নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। তুহিন বলেন, ‘সম্প্রতিই এর কাজ করেছি। এতে বাস্তব জীবনের দম্পতিকেই পর্দায় দেখা যাবে।’
নাটকটি প্রযোজনা করেছে টেলিহোম। এটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।





