কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে সম্পন্ন হয়েছে ‘সি’ ইউনিটের গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সোমবার (১লা নভেম্বর) দুপুর ১২টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা কার্যক্রম আরম্ভ হয়ে ১টায় শেষ হয়।
এ পরীক্ষায় ২ হাজার ১১২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিল ২ হাজার ১১ জন। অর্থাৎ অনুপস্থিত ছিল ১০১ জন। সব মিলিয়ে এ পরীক্ষায় উপস্থিতির হার ৯৫.২১ শতাংশ।
ভর্তি ইচ্ছুক হোমনা সরকারী ডিগ্রী কলেজের সাঈদ তামীম নামের এক শিক্ষার্থী জানান, পরীক্ষা ব্যবস্থা সবদিক দিয়ে ভালো ছিলো কিন্তু রুমে ঘড়ি থাকলেও সেটা নষ্ট ছিলো যার কারণে সময় দেখতে পারিনি। তবে যারা পরিদর্শক ছিলেন ওনারা আমাদেরকে সময় বলে দিয়েছে। ঘড়ি থাকলে আরো ভালো হতো।
পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, পরীক্ষা সার্বিক দিক থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি আমরা ভবিষ্যতেও এরকম সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা আয়োজন করতে পারব।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘ম্যাজিস্ট্রেট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে আমরা হল পরিদর্শন করছি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের পরীক্ষা নিয়ে গুচ্ছ পদ্ধতির ৩ টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর আগে ‘এ’ ইউনিট ও ’বি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৬ শতাংশ।
