বিনোদন ডেস্ক- চলতি মাসের শুরুতে মাদক মামলায় গ্রেপ্তার হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তিনি।
এদিকে আরিয়ানের মাদক মামলায় গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় ছিলেন না শাহরুখ কন্যা সুহানা। তবে ভাইয়ের মুক্তির পর তার পার্টির একটি ছবি ভাইরাল হয়েছে।
লেখাপড়ার জন্য বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন সুহানা। সেখানে বন্ধুদের সঙ্গে হ্যালোইন পার্টিতে মজেছিলেন। সেই পার্টির একটি ছবি প্রকাশ করেন তার এক সহপাঠী। তাতে বেশ হাস্যেজ্জ্বল দেখা গেছে তাকে। ছবির নিচে মন্তব্যও করেছেন সুহানা। লিখেছেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’
জানা যায়, ভাইয়ের গ্রেপ্তারের পরেই ভারতে ফিরতে চেয়েছিলেন সুহানা। কিন্তু শারীরিক অসুস্থতার কারণেই মা গৌরী খান মেয়েকে ফিরতে বারণ করেছেন। তবে প্রতি মুহূর্তের মায়ের কাছ থেকে ভাইয়ের খোঁজ নিয়েছেন তিনি। আরিয়ানের জামিন মঞ্জুর হওয়ার পর বাবা ও ভাইয়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেন শাহরুখ কন্যা। ক্যাপশনে লেখেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’
উল্লেখ্য, গত ২ অক্টোবর একটি প্রমোদতরীতে মাদকপার্টি করার সময় আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দুই দফায় তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। এরপর গত ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে ছিলেন আরিয়ান।
২৬ দিন পর অবশেষে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাকে জামিন দেন আদালত। তবে জেল পর্যন্ত নির্দেশনা আসতে দেরি হওয়ায় শনিবার (৩০ অক্টোবর) সকালে মুক্তি পেয়েছেন তিনি।
আরিয়ানের জামিন হওয়ায় খুশির জোয়ার বইছে শাহরুখের পরিবারে। তার অগণিত ভক্তের মনেও আনন্দের কমতি নেই। আরিয়ানের বাড়ি ফেরার খবরে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর বাইরে ভক্তদের সমাগম হয় শনিবার। ঢাক, ঢোল পেটানো, বাজি ফাটানো থেকে শুরু করে হনুমান চালিসা পাঠ— সব রকম ভাবে স্বাগত জানানো হয়েছে শাহরুখ এবং গৌরী খানের বড় ছেলেকে।
