বিনোদন ডেস্ক- দুর্গাপূজার সময় কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার বিচারের দাবিতে শনিবার রাজপথে নেমেছিল নাটকের সব সংগঠন। রোববার দুপুর ১২টার দিকে একই দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সামনে মানববন্ধন করেছে চলচ্চিত্রসংশ্লিষ্ট সব সংগঠন।
‘সাম্প্রদায়িকতা সমাজের ক্যানসার’ স্লোগান নিয়ে এ সমাবেশ করেন তারা। চাঁদপুর, পীরগঞ্জ, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে সংঘাতের সুষ্ঠু বিচারের দাবি জানায় সংগঠনগুলো।
মানববন্ধনে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ। যেকোনো মৌলবাদের বিরুদ্ধে আমাদের সুদৃঢ় অবস্থান। যে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত, আমরা তাদের ধিক্কার জানাই।’
তিনি আরও বলেন, ‘যারা মন্দির, পূজামণ্ডপে হামলা করে সম্প্রীতির বন্ধন ছিন্ন করার প্রয়াসে আমাদের রক্তাক্ত করেছে, আমরা তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি।’
চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন বলেন, ‘সব ধর্মের মানুষের অংশগ্রহণে দেশ স্বাধীন হয়েছে। অসাম্প্রদায়িক একটা দেশ বাংলাদেশ। এখানে কোনো রকম হানাহানি কামনা করি না। যে যার বিশ্বাস নিয়ে বসবাস করবে। সেই কারণে আমরা আজ মানববন্ধনে দাঁড়িয়েছি।’
