নজর২৪ ডেস্ক- ডিভোর্স না দিয়ে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। জামিন দেয়া হয়েছে মামলার অন্য আসামি তামিমার মা সুমি আক্তারকেও।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে রোববার সকাল সাড়ে ১০টায় হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন।
জামিন পাওয়ার পর ক্রিকেটার নাসির হোসেন সাংবাদিকদের বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আদালত সব দিক বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন।
অন্যদিকে, মামলার বাদী তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের আইনজীবী অ্যাডভোকেট ইসরাত জাহান বলেন, আদালতে তিন আসামিকে জামিন দিয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট নই। জামিনের বিরুদ্ধে আমরা দায়রা আদালতে আপিল করব।
তিনি বলেন, আমরা ন্যায়বিচার চাই। অপরাধীদের শাস্তির মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। তামিমা ও নাসির যা করেছে তা বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
গত ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের ওপর শুনানি শেষে ৩১ অক্টোবর তাদের আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারক। সে অনুযায়ী হাজির হন তারা।
ওই দিনই আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে বলা হয়, নাসির ও তাম্মির বিয়ে আইন অনুযায়ী বৈধ হয়নি।
প্রতিবেদনে বলা হয়, তামিমার আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স দেয়াসংক্রান্ত কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। নাসিরকে বিয়ের আগে রাকিবকে ডিভোর্স দেননি তামিমা। তাই নাসির-তামিমার বিয়ে আইনগতভাবে বৈধ হয়নি।
এরপরই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে বাদীপক্ষ।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী দাবি করে রাকিব হাসান মামলাটি করেন। নাসির-তামিমা ছাড়াও মামলায় আসামি করা হয়েছে তামিমার মাকেও।
মামলায় নাসির-তামিমার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপন করে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে প্রতারণার মাধ্যমে বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।
