যেখানে জীবন আছে সেখানে ভালোবাসা আছে: পরীমণি

বিনোদন ডেস্ক- নিজের জন্মদিন পালন কতটা আড়ম্বরপূর্ণ করা যেতে পারে সেই ঝলক আগেই দেখিয়েছিলেন পরিমণি৷ তাই জন্মদিনের জাঁকজমকের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ তবে মাদককাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর অনেকেই হয়তো ভেবেছিলেন চিত্রনায়িকা পরীমণি যাপিত জীবনে প্রভাব পড়বে। দমে যাবেন তিনি, গুটিয়ে নেবেন ব্যক্তিজীবনের সব আয়োজন থেকে।

 

কিন্তু না, পরীমণি তার ব্যক্তিগত জীবনকে আগের মতোই উদযাপনের মধ্যে রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। ব্যস্ত রেখেছেন নতুন নতুন সিনেমার শুটিংয়েও। তার ধারাবাহিকতায় এবারের জন্মদিনও বিগত বছরের ন্যায় আয়োজন করেই পালিত হয়েছে।

 

এদিকে পাঁচতারা হোটেলে পরীমনির উচ্ছ্বসিত জন্মদিনের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, ঠিক তখনই নিজের ফেসবুক পেজে সম্পূর্ণ আলাদা মেজাজের আরেকটি ভিডিও প্রকাশ করেছেন আলোচিত এই অভিনেত্রী।

 

জন্মদিনে ঢাকার অদূরে এক অনাথ শিশুদের সঙ্গে আনন্দমুখর সময় কাটিয়েছেন পরী। পরম মমতায় শিশুদের মুখে তুলে দিয়েছেন খাবার। কেটেছেন কেক, পরীর কাছ থেকে উপহারও পেয়েছে শিশুরা। শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেয়ার এই ভিডিও প্রশংসিত হচ্ছে সবার কাছে।

 

মঙ্গলবার রাতে ৪ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করেন পরীমনি। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে জীবন আছে সেখানে ভালোবাসা আছে।

 

ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে বাজছিল, ‘তুমি নির্মল কর, মঙ্গল করে/মলিন মর্ম মুছায়ে’ রবীন্দ্র সংগীতটি।

 

 

ভিডিওর শুরুতে দেখা যায়, একটি সাদা প্রাইভেট কার থেকে অনাথ শিশুদের জন্য নামানো হচ্ছে উপহার ও খাবার। এরপর গ্রামের সরু পথ ধরে একটি অনাথ আশ্রমের দিকে হেঁটে যেতে দেখা যায় পরীমনিকে।

 

গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, পরীমনি তার জন্মদিনের বড় একটি সময় যে অনাথ আশ্রমে কাটিয়েছেন সেটির অবস্থান গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দাহিন্দি গ্রামে। সেখানে রোববার দুপুর আড়াইটার দিক থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত শিশুদের সান্নিধ্যে কাটান তিনি।

 

ভিডিওতে দেখা যায়, নিজ হাতে শিশুদের দুপুরের খাবার খাইয়ে দিচ্ছেন পরীমনি। নাম প্রকাশে অনিচ্ছুক পরীর এক সঙ্গী জানান, দুপুরের খাবারে ছিল মাটন বিরিয়ানি, চিকেন, ডিমের কোর্মা।

 

খাওয়ার পর্ব সেরে বাচ্চাদের সঙ্গে কেক কাটেন অভিনেত্রী। এর আগে সব শিশুর মাথায় নিজে হাতে পরিয়ে দেন জন্মদিনের ক্যাপ। কেক কাটার সময় হাততালি আর গানে গানে শিশুরা শুভেচ্ছা জানায় পরীমনিকে।

 

ফিরে আসার আগে শিশুদের উপহারও দিয়েছেন পরীমনি। কী ছিল সেই উপহার, জানতে চাইলে পরীর ওই সঙ্গী বলেন, ‘বই, ফাইল, জ্যামিতি বক্স, কালার পেন্সিল ছিল উপহারে।’

 

আশ্রম ভবনে পরীমনির জন্য নাচগানেও অংশ নেয় শিশুরা। উচ্ছ্বসিত অভিনেত্রীও যোগ দেন তাদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *