বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিনের থিম কালার সাদা-লাল। সাদায় শুভ্রতা আর লালে শক্তি বোঝাতেই এমন রংবিন্যাস- এমনটাই মনে করছেন অনেকে। হয়তো চমক রাখতে পরীমনিও খোলাসা করছিলেন না সবকিছু।
আয়োজনের সাজসজ্জা দেখে বোঝা গেল লাল-সাদা রংবিন্যাসের আসল কারণ। পরীমনির জন্মদিনের উদযাপন মঞ্চ সাজানো হয়েছে উড়োজাহাজের ককপিটের আদলে, যার রং হিসেবে ব্যবহার করা হয়েছে সাদা-লাল। সেখানে টুকরো কাগজে লেখা ‘ফ্লাই উইথ পরী’ অর্থাৎ ‘পরীর সঙ্গে ওড়ো’।
ককপিটের আদলে উদযাপন মঞ্চ করার কারণ পরীমনি না জানালেও আন্দাজ করা যায় সহজেই। এর জন্য মনে করতে হবে গত বছর পরীমনির জন্মদিনের একটি ঘটনা।
গত বছর পরীমনি তার জন্মদিনের থিম করেছিলেন ময়ূর। সেই আয়োজনে সংবাদমাধ্যমের সঙ্গে পরীমনি থিম নিয়ে বলার সময় পিকক বলতে গিয়ে ভুলবশত বলেছিলেন, ‘ককপিট’।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর শুরু হয় হাসি-ঠাট্টা। পরীমনির অসাবধানতায় তার ভুলটিকে নিয়ে সমালোচনা করেন অনেকে। তখন জেদের বশেই হয়তো পরীমনি জানিয়েছিলেন, পরেরবার তার জন্মদিনের থিম হবে ককপিট। সেই কথা রাখলেন পরী।
উল্লেখ্য, আজ চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। ২৯ বছর পেরিয়ে ৩০ বসন্তে পা দিলেন তিনি। ১৯৯২ সালের ২৪ অক্টোবর পরীমনির জন্ম হয়েছিল সাতক্ষীরায়। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। পরীর বাবার নাম মনিরুল ইসলাম, মা সালমা সুলতানা। মাত্র তিন বছর বয়সে নায়িকা তার মাকে হারান। এরপর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে বড় হন তিনি।
প্রতিবছরের মতো এবারও তিনি বেশ ঘটা করেই দিনটি পালন করছেন। প্রতি বছর পরীমনি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড বাধ্যতামূলক করে দেন। এবারও ড্রেস কোড হিসেবে পুরুষের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙ বেছে নিয়েছেন তিনি।
জানা গেছে, গেল বছর ধুমধামে পরীর জন্মদিন আয়োজন করা হয়েছিলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তার আগেরবার হোটেলে সোনারগাঁওয়ে হয় জন্মদিনের আয়োজন। তবে এবার জন্মদিনের আয়োজন করেছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে।
