রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার- ১৪ ছাত্রের চুল কাটার ঘটনায় শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারসহ ৪১ শিক্ষক-কর্মকর্তা অবরুদ্ধ করে রেখেছেন।
আজ রোববার (২৪ অক্টোবর) বিকাল পৌনে ৪টা থেকে পৌর শহরের বিসিকে অবস্থিত মহিলা ডিগ্রী কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তাদের অবরুদ্ধে করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে একাডেমিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে এক শিক্ষার্থী বিষপানের চেষ্টা করেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের বিসিক মোড়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে ঘন্টাখানেক পর শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে গিয়ে ফের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। সেখানে অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিস্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ১ম বর্ষের ছাত্র জাহিদুর রহমান শিরাত জানান, মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যানজট লেগে গিয়েছিল। জনগণের ভোগান্তির বিষয়টি চিন্তা করে আমরা ঘন্টাখানেক পর অবরোধ তুলে নিয়েছি। তবে যে পর্যন্ত অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ী বরখাস্ত না করা হবে, আমাদের আন্দোলন চলতেই খাকবে।
