জন্মদিনে এতিমখানায় সময় কাটাব: পরীমণি

বিনোদন ডেস্ক- পরীমনির জন্মদিন মানেই বিশেষ কিছু। প্রতি বছর দিনটি ঘিরে বিভিন্ন পরিকল্পনা করেন এই চিত্রনায়িকা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যেই পরীমনি এক দিনের ছুটি নিয়েছেন।

 

শনিবার (২৩ অক্টোবর) দুপুরের দিকেই ঢাকা ফেরেন এই অভিনেত্রী। জন্মদিনে পাঁচ তারকা হোটেলের আয়োজন শুধু নয়, সারা দিনই ব্যস্ত থাকবেন বলে জানান পরীমনি।

 

তিনি বলেন, ‘জন্মদিনে আমি সারা দিনই ব্যস্ত থাকি। (রোববার) রাতে আয়োজন থাকলেও দুপুরে আমি এতিম বাচ্চাদের সঙ্গে কাটাব। তাদের খাবারের কিছু আয়োজন করছি। তাদের জন্য কিছু গিফট কিনেছি। এখন সেগুলোই প্যাকেট করছিলাম।’

 

প্রতি বছর পরীমনি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড বাধ্যতামূলক করে দেন। এবারও ড্রেস কোড হিসেবে পুরুষের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙ বেছে নিয়েছেন তিনি। সাদা রং সাধারণত শুভ্রতা বোঝায় আর লাল শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ড্রেস কোডে সাদা-লালের এই রংবিন্যাস নির্ধারণের সময় বিষয়গুলো ভাবনায় ছিল কি?

 

জানতে চাইলে পরীমনি বলেন, ‘হ্যাঁ, শুভ্রতার সঙ্গে শক্তির মিশ্রণের থিমে এবারের আয়োজনটা করতে চাই। সে কারণেই ড্রেস কোড হিসেবে সাদা-লাল নির্ধারণ করা।’

 

জন্মদিনে পাঁচ তারকা হোটেলে যে আয়োজন, সেখানে কারা আমন্ত্রিত হতে পারেন তার একটি ইঙ্গিত আগেই দিয়েছিলেন পরীমনি। স্ট্যাটাসের একদম শেষে লিখেছিলেন, ‘মূলত যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি! তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না!’

 

এ থেকে সবাই ধারণা করেছেন যে, পরীমনির সাম্প্রতিক সময়ের ঘটনায় যারা পরীর পাশে ছিলেন, আয়োজনে হয়তো তারাই শুধু আমন্ত্রণ পাবেন। ধারণাটি ঠিক বলে জানালেন পরী। বললেন, ‘এবার আয়োজনে অনেক নতুন মানুষের সঙ্গে দেখা হবে আমার। কারণ নতুন করে অনেক মানুষ আমার পাশে থেকেছে। আমার বিশেষ দিনে তাদের সঙ্গে নিয়ে কাটাতে চাই।’

 

আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড থাকলেও পরী নিজে কোন ধরনের পোশাক পরবেন, তার রংবিন্যাস বা ডিজাইন কেমন হবে, তা পরিষ্কার করে বলেননি পরী। বলেন, ‘কী রং বা নকশার পোশাক পরব তা জানি না। এবার আমি জিমিকে খুব মিস করছি। আগের পোশাকগুলো তো সে-ই ডিজাইন করেছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *