নজর২৪, ঢাকা- সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও দীপ আজাদ মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজমল হক হেলাল।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
ঢাকা কেন্দ্রের ফলাফলে সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন ৬৭৪ ভোট, মহাসচিব দীপ আজাদ পেয়েছেন ৯২৬ ভোট। সহ-সভাপতি আজমল হক হেলাল পেয়েছেন ৩৯৪ ভোট। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা পেয়েছেন ৫০৫ ভোট (ঢাকা কেন্দ্র)।
কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল পেয়েছেন ৫৭৫ ভোট। দপ্তর সম্পাদক পদে সেবিকা রানী পেয়েছেন ৬০৬ ভোট। তার নিকটতম আছেন এম শাহজাহান, পেয়েছেন ২৪৭ ভোট।
এ বছর সভাপতি পদে তিনজন ও মহাসচিব পদে তিনজন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএফইউজের তিনবারের নির্বাচিত মহাসচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য ও বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক।
আর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, বিএফইউজের কোষাধ্যক্ষ, নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ ও দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক লায়েকুজ্জামান। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার বলেন, প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স দেখিয়ে ভোটগ্রহণ হয়। দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন রফিকুল ইসলাম, আশিস সৈকত, মহসিন আব্বাস ও শাহনাজ সিদ্দীকি।
এবারের নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে ১০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৮০ জন। এর মধ্যে ২ হাজার ৯৭৭ জন ঢাকার। ঢাকায় ১৯টি বুথে ভোট নেওয়া হয়। তবে এখনও চট্টগ্রামের ফল ঘোষণা হয়নি।
নির্বাচনে ভোট পর্যবেক্ষণের জন্য শ্রম অধিদপ্তর থেকে ঢাকা কেন্দ্রের জন্য দুজন এবং ঢাকার বাইরের কেন্দ্রের জন্য একজন করে প্রতিনিধি নিযুক্ত ছিলেন।
