নজর২৪, কুমিল্লা- কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননায় অভিযুক্ত ইকবালসহ চারজনকে আদালতে তোলা হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মিথিনা ফারজানার আদালতে আসামিদের তোলা হয়।
ইকবাল ছাড়া যাদেরকে আদালতে তোলা হয়েছে তারা হলেন, মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ, ফয়সাল ও ঘটনার দিন পুলিশকে ৯৯৯ এ কল দেয়া ইকরাম হোসেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় ঘোরাফেরা করার সময় ইকবাল হোসেনকে কক্সবাজার জেলা পুলিশের একটি দল আটক করে।
পরে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে নিয়ে আসা হয় কুমিল্লায়। এরপর সাড়ে ১২টা তাকে পুলিশ লাইন্সে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘মণ্ডপে কোরআন শরিফ রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথা পুলিশকে জানিয়েছেন ইকবাল। তবে কার নির্দেশে এই কাজ করেছেন, তা এখনও জানাননি।’
