নজর২৪ ডেস্ক- কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ইকবালকে সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়।
এদিকে ইকবাল হোসেন কারও প্ররোচনায় পূজামণ্ডপে কোরআন রেখেছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। সেদিন মাজারের দুই খাদেমের সঙ্গে কথা বলে কোরআন নিয়ে যান ইকবাল। এমন একটি সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে রয়েছে। ওই ফুটেজ দেখে দুই খাদেমকে আটক করেছে পুলিশ।
তারা হলেন ফয়সাল ও হাফেজ হুমায়ুন। তাদের আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। তবে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, নানুয়াদিঘির পাশেই শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর মাজার মসজিদ। মাজার মসজিদ থেকে কোরআন এনে পূজামণ্ডপে রাখা হয়েছিল। মাজারের বারান্দায় দর্শনার্থীদের তিলাওয়াতের জন্য কোরআন রাখা হতো। ঘটনার দিন রাতে মাজারে ঢুকে দুই খাদেমের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ইকবাল। এরপর একটি কোরআন শরিফ আলাদা করে রেখে চলে যান দুই খাদেম। কিছুক্ষণ পর ইকবাল ওই কোরআন নিয়ে মন্দিরে যান। ফুটেজ দেখে ফয়সাল ও হুমায়ুনকে আটক করা হয়।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, ওই দুই ব্যক্তির সঙ্গে কথা বলে কোরআন নিয়ে পূজামণ্ডপে রাখেন ইকবাল। এ নিয়ে বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা চালানো হয়।
প্রতিবেশী ও ইকবালের পরিবারের সদস্যরা বলছেন, ইকবাল মানসিক ভারসাম্যহীন। এক বছরের বেশি সময় ধরে ওই মাজারে যাতায়াত ছিল। পূজামণ্ডপ থেকে মাজার কাছাকাছি হওয়ায় যে কেউ তাকে দিয়ে ঘটনাটি ঘটিয়েছে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ১২ অক্টোবর রাত ১০টা ৩৮ মিনিটে মসজিদে প্রবেশ করতে দেখা যায় মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুনকে। এরপর রাত ১০টা ৫৮ মিনিটে মসজিদে প্রবেশ করেন ইকবাল। এসময় খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন ইকবালের সঙ্গে কথা বলতেও দেখা যায়। ঠিক রাত ১১টায় তারা তিনজনই সেখান থেকে বেরিয়ে যান।
এরপর ১২ অক্টোবর দিনগত রাত ২টা ১২ মিনিটের দিকে পুনরায় মসজিদে প্রবেশ করে কোরআন নিতে দেখা যায় ইকবালকে। এসময় পাশেই অজ্ঞাতপরিচয় একজন ঘুমিয়ে ছিলেন, আরেকজন ছিলেন নামাজরত অবস্থায়। এর দুই মিনিট পর মেঝেতে কোরআন রেখে তাকে বেরিয়ে যেতে দেখা যায়। এরপর রাত ২টা ১৮ মিনিটে মসজিদে আবারও প্রবেশ করে মেঝেতে রাখা কোরআন নিয়ে মসজিদ থেকে বের হতে দেখা যায় তাকে। এরপর মসজিদ থেকে বের হয়ে তাকে মূল সড়কে উঠে মন্দিরের দিকে হেঁটে যেতে দেখা যায়।
আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল পূজামণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন। পূজামণ্ডপের রোড থেকে জগন্নাথ মন্দির রোডের দিকে এগিয়ে যান। এরপর তিনি জগন্নাথ মন্দির রোড থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক চকবাজার শাখার দিকে এগিয়ে যান। পূবালী ব্যাংক মোড়ের পাশের গলিতে প্রবেশ করেন তিনি। সেখানে অবস্থান করে নৈশপ্রহরীদের সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় তাকে। সর্বক্ষণই তার হাতে কোরআন দেখা যাচ্ছিল। কথাবার্তার পরে তাকে জগন্নাথ মন্দিরের দিকে যেতে দেখা যায়। সেই রোডে কিছুক্ষণ অবস্থানের পর পূজামণ্ডপের দিকে এগিয়ে যান ইকবাল।
আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ১২ মিনিটে যুবকটির হাতে কোরআন শরিফ নেই। তিনি এসময় গদা কাঁধে নিয়ে মন্দিরের পাশে পুকুরপাড়ের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এসময় তিনি চারপাশে তাকিয়ে দেখছিলেন কেউ তাকে দেখছে কি না।
চিহ্নিত ব্যক্তির প্রস্থানের একটু পরে রাত ৩টা ১৩ মিনিটের দিকে ৯৯৯ এ কল দেওয়া একরামকে সেখানে দেখা যায়। এরপর তাকে আবার ৩টা ২৩ মিনিটের দিকে দারোগাবাড়ি মসজিদে প্রবেশ করতে দেখা যায়। এসময় তার কাছে কোরআন কিংবা গদা কিছুই দেখা যায়নি।
এরপর ১৩ অক্টোবর পুকুরপাড়ে উত্তেজিত জনতার সামনে তাকে কথা বলতে দেখা যায়।





