বিনোদন ডেস্ক- দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে তার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নাগা চৈতন্য। এ নিয়ে শোবিজ অঙ্গনে কানাকানি কম হয়নি। একবার মিডিয়ার সামনে মেজাজ হারিয়েছিলেন তিনি।
এবার একজন অ্যাডভোকেট ও কয়েকটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন সামান্থা। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সুমন টিভি, তেলেগু পপুলার টিভিসহ বেশ কিছু ইউটিউব চ্যানেল সামান্থার সম্মানহানি করেছে। এসব চ্যানেলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হবে। এছাড়া ভেঙ্কট রাও নামে একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। সামান্থার বিবাহিত জীবন নিয়ে ভেঙ্কট রাও বক্তব্য দিয়েছিলেন।
২০১০ সালে প্রথম জুটি বেঁধে তেলেগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভ’-এ অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। এরপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছিলেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি। আর এজন্যই তাদের দূরত্ব তৈরি হয়।
অবশেষে গত ২ অক্টোবর সামাজিক মাধ্যম টুইটারে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন নাগা চৈতন্য ও সামান্থা।
এদিকে, জীবনের কঠিন সময়ের মধ্যেই কাজে ফিরতে যাচ্ছেন সামান্থা। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন একটি হিন্দি সিনেমায়। শুটিং শুরু করবেন খুব শিগগিরই।
দুই মাস আগে নেটফ্লিক্সে মুক্তি পায় তার ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান ২’। জাতীয়, আন্তর্জাতিক স্তরে এই ওয়েবের মাধ্যমেই প্রশংসা কুড়িয়েছেন সামান্থা। এরপরই তার কাছে বলিউডের প্রস্তাব আসে।
বর্তমানে সামান্থার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। পৌরনিক কাহিনির ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার ’কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমাটি।
