বিনোদন ডেস্ক- বাংলা সিনেমায় সাপকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বহু সিনেমা। যেগুলোর প্রায় বেশির ভাগ পেয়েছে সুপারহিট এর তকমা। তবে সাম্প্রতিক সাপ নিয়ে সিনেমা নির্মাণ নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়।
অথচ এই সময়ের একটি নতুন সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক জায়েদ খানের হাতে দেখা গেলো জলজ্যান্ত এক সাপ!
যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেগুলো ‘সোনার চর’ নামের একটি সিনেমার। ছবিগুলো দেখেই চলচ্চিত্র দর্শকরা গল্পটা আঁচ করতে পারছেন। তাই ২০২১ সালে এমন ছবিতে অভিনয়ের জন্য বাহবা দিচ্ছেন জায়েদকে।
জায়েদ খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। তবে এই সিনেমা সাপকে ঘিরে নয়। বরং একটি গানের দৃশ্যে প্রাসঙ্গিক কারণে সাপের প্রয়োজন ছিল।
তিনি আরও যোগ করেন, ‘এটা ভয়ঙ্কর একটা অনুভূতি ছিল। সাপ ধরতে হবে, এটা শুনে শুরুতে ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। পরে সাপুড়ে অভয় দেওয়ার পর ঠিকমতো শুটিং শেষ করতে পেরেছি। এটা একেবারে বাস্তবে সাপ। সাভার থেকে বেদে নিয়ে আসা হয়েছে এফডিসিতে। তারাই দিকনির্দেশনা দিয়েছেন।’
এক্সেল ফিল্মসের ব্যানারে ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত সিনথিয়া। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমকে। আরো অভিনয় করছেন শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।





