শক্তি থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দেখান: মুজিবুল হক চুন্নু

নজর২৪, ঢাকা- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদ্দেশে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, শক্তি থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দেখান। আমাদের শক্তি থাকলে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখবো।

 

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বনানী কার্যালয়ে টাঙ্গাইল জেলা জাপার সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

 

মুজিবুল হক চুন্নু বলেন, রাষ্ট্রধর্ম নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে জাতীয় পার্টি। হুসেইন মুহম্মদ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে করে সকল ধর্মের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছিলেন।

 

এ সময় জাপা চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ২০১১ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে। তাই আওয়ামী লীগের উচিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করা। প্রধানমন্ত্রী ইচ্ছে করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

 

জিএম কাদের বলেন, দেশের ৯২ ভাগ মুসলমানের মনের আশা পূরণ করতেই হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেন। এর বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। হুসেইন মুহম্মদ এরশাদকে কটূক্তি করে ওই প্রতিমন্ত্রী জঘন্য কাজ করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সুনাম অর্জনকারী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে কটাক্ষ করে গর্হিত কাজ করেছেন। অবশ্যই তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

তিনি বলেন, তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে, সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। তথ্য প্রতিমন্ত্রীর উচিৎ পদত্যাগ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *