নজর২৪, ঢাকা- আজ সোমবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। সেদিন অবুঝ শিশু রাসেলকেও হত্যা করে খুনিরা। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে আজ ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় উদযাপিত হবে ‘শেখ রাসেল দিবস ২০২১’।
দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং শিক্ষা, শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০টি ‘শেখ রাসেল স্বর্ণপদক’, শেখ রাসেল পদকপ্রাপ্ত ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ২০টি ল্যাপটপ, এলইডিপির আওতায় মূল অনুষ্ঠানে পাঁচটি এবং বিভিন্ন জেলায় ৩ হাজার ৯৯৫টিসহ মোট ৪ হাজারটি ল্যাপটপ দেওয়া হবে।
এছাড়া শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ৬০টি পুরস্কার বিতরণ করবে। দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশিত হবে।
এছাড়া আইসিটি বিভাগ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির যৌথ উদ্যোগে ১৮ অক্টোবর সকাল ৬টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৭টায় সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, প্রতিষ্ঠান প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
সকাল সাড়ে ৯টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেম-এ শেখ রাসেল দিবসের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, হল অব ফেম-এ বিকাল ৩টায় ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। একই মিলনায়তনে ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।
সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিশু অ্যাকাডেমির উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক পুস্তক প্রদর্শিত হবে।
সকাল সাড়ে ১০টায় ঢাকায় ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে’ পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন, দুপুর ১২টায় শিশু অ্যাকাডেমি অডিটোরিয়ামে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। বেলা ১টা ৪৫ মিনিটে শিশু অ্যাকাডেমির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, দুপুর ২টায় ‘মৃত্যুঞ্জয়ী শেখ রাসেল’ গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ নিজস্ব কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার পৃথক বাণী দিয়েছেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।।
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এছাড়াও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচি নিয়েছে।
দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
একইসঙ্গে তিনি সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সব স্তরের নেতাকর্মীর প্রতি বিভিন্ন উপযোগী কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
