Home জাতীয় সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল

সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল

0
304

নজর২৪, ঢাকা- সরকার সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

 

মির্জা ফখরুল বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে এবং দেশে স্থিতিশীল অবস্থা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হিন্দু ভাইদের যে দুর্গাপূজা হচ্ছে, সেই পূজায় কতগুলো অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বিশেষ করে কুমিল্লায় ও চাঁদপুরে। চাঁদপুরে তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং নির্বিচারে গুলি করেছে।’

 

‘এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে চক্রান্ত- এটা এই সরকারের চক্রান্ত। তারা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা এই সব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একইসঙ্গে অবিলম্বে প্রকৃত অপরাধী যারা তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, ‘কোরআর শরিফ নিয়ে পূজামণ্ডপে রেখেছে। কে করেছ? যারা করেছে তারা এই সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই করেছে, দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্যই করেছে। অন্যদিকে পুলিশ গুলি চালায় নির্বিচারে- সেটাও একই কারণে করেছে।’

 

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করছি। এসব ঘটনা যারা ঘটাচ্ছে, তারা সরকারের এজেন্সির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এবং আসল জায়গা থেকে অন্য দিকে দৃষ্টি নেওয়ার জন্য ঘটাচ্ছে।’

 

তিনি বলেন, ‘দেশে এখন গণতন্ত্রের সংকট। কথা বলার অধিকার নেই। আমাদের কোথাও দাঁড়াতে দেয় না। ভয়াবহ একটা ফ্যাসিবাদী দানবের মতো শাসন চেপে বসে আছে আমাদের ওপর। এসব ঘটনা ঘটিয়ে তারা জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়।’

 

সবাই এক হয়ে ‘মানুষকে জাগিয়ে তোলা’র আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন-নির্বাচন খেলা আর হবে না। সত্যিকার অর্থে যদি একটি নিরপেক্ষ নির্বাচন করতে হয়, আগে সরকারকে সরে যেতে হবে। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

 

সংগঠনের সভানেত্রী অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, ছাত্র দলের সাবেক নেতা ইসহাক সরকার প্রমুখ বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here