নায়ক উজ্জ্বলের স্ত্রী আর নেই

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ মারা গেছেন।

 

বুধবার (১৩ অক্টোবর দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমের কাছে নায়ক নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

 

উজ্জ্বল জানান, সপ্তাহ দুয়েক আগে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু উন্নতি না হয়ে বরং অবনতির দিকে যায় মেরিনার অবস্থা। এ কারণে লাইফ সাপোর্টে পর্যন্ত নেওয়া হয়েছিল। কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা হয়নি।

 

জানা গেছে, উজ্জ্বলের স্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার ফুসফুসেও ইনফেকশন ধরা পড়ে।

 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাদ আসর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান উজ্জ্বল।

 

উল্লেখ্য, উজ্জ্বলের আসল নাম আশরাফ উদ্দিন আহমেদ। তিনি ১৯৬৭ সাল থেকে নাটকে কাজ শুরু করেন। এরপর ১৯৭০ সালে সুভাষ দত্তের পরিচালিত ‘বিনিময়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পার রাখেন উজ্জ্বল। আজিজুর রহমানের ‘সমাধান’, ‘অনুভব’, ‘জনতা এক্সপ্রেস’-এ অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হন। দীলিপ বিশ্বাসের ‘সমাধি’, ‘বন্ধু’, ‘দাবী’ তাকে তারকাখ্যাতি এনে দেয়। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *