বিনোদন ডেস্ক- ২০১২ সালের ৫ অক্টোবর চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্য বিশেষ দিন। কারণ, এদিন ঢাকাই সিনেমার দর্শকের সামনে নায়িকা হিসেবে প্রথম হাজির হন তিনি। সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবেও আত্মপ্রকাশ ঘটে জাজ মাল্টিমিডিয়ার।
এদিন মুক্তি পায় জাজ-মাহির প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’। পায় ব্যবসায়িক সাফল্য।
এরপর একই প্রতিষ্ঠানের ব্যানারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন মাহি। তবে মাঝে হুট করেই জাজের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয়।
বের হয়ে আসেন প্রতিষ্ঠানটি থেকে। তবে জাজের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়, মাহিকে নিয়ে তারাও আর কোনও সিনেমা বানাবে না। জাজ প্রধান আবদুল আজিজ এটাও জানান, মাহির প্রতি দুর্বল ছিলেন তিনি!
জাজ মাল্টিমিডিয়া থেকে বের হলেও মাহির একমাত্র ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়ন্ত্রণে রেখে দিয়েছিল প্রতিষ্ঠানটি। অনেকবার সেটি ফেরত চেয়েও পাননি এই অভিনেত্রী। এই বিষয়ে দুই পক্ষের মধ্যে মন-কালাকালি কম হলো না।
এত কিছুর পরেও সেই জাজ মাল্টিমিডিয়াকে ধন্যবাদ জানালেন মাহি। কারণ, আজ ৫ অক্টোবর। ৯ বছর আগে এই দিনেই তার নায়িকা হওয়া। তাই জাজকে ধন্যবাদ দিতেও ভুললেন না তিনি।
ফেসবুকে এক পোস্টে এই চিত্রনায়িকা লেখেন, ‘৯ বছর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। উপরওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।’
‘ভালোবাসার রঙ’ সিনেমাটি পরিচালনা করেন শাহীন সুমন। এতে মাহির বিপরীতে অভিনয় করেন বাপ্পী চৌধুরী।
মাহির আসল নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় এসে তিনি মাহিয়া মাহি নাম ধারণ করেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই তিনি লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় আসেন। নায়িকার ভাষ্য, ‘স্রষ্টার পর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জাজ মাল্টিমিডিয়ার প্রতি। এই জাজই আমাকে নায়িকা বানিয়েছে।’
মাহি অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘ওয়ার্নিং’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’ ইত্যাদি। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘গোলাপতলীর কাজল’, ‘আশীর্বাদ’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুবুজান’।
এদিকে সম্প্রতি মাহিয়া মাহি নতুন সংসার শুরু করেছেন। গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করছেন তিনি। কয়েক দিন আগে নতুন স্বামীকে নিয়ে নতুন বাসায় উঠেছেন নায়িকা।
এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সংসার করেছিলেন। ২০১৬ সালে বিয়ে করেছিলেন তারা। চলতি বছরের মে মাসে ডিভোর্সের ঘোষণা দেন নায়িকা।
