জেনে বুঝেই নতুন ই-কমার্স প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি: মিম

বিনোদন ডেস্ক- ইভ্যালি থেকে শুরু করে বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা গ্রেপ্তার হয়েছেন গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে। গেল কয়েকদিনে একের পর এক ঘটনাগুলো ঘটে যাওয়ায় ই-কমার্স ব্যবসা সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়েছে মানুষের মধ্যে।

 

এমন সময়ে খবর এলো অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নতুন ই-কমার্স প্রতিষ্ঠান ‘লেট’স গো মার্ট’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। বিষয়টি তাকে সমালোচনার মুখেও ফেলেছে।

 

তবে এ নিয়ে চুপ নন মিম। গণমাধ্যমে তিনি বলেন, ‘বিস্তারিত জেনে ও খোঁজ খবর নিয়েই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছি।’

 

এ লাক্স তারকা আরো বলেন, ‘আমি ‘লেট’স গো মার্ট’র বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছি। আমার কাছে ভালো মনে হয়েছে। কিছুদিন ধরে দেশের মানুষের মাঝে ই-কমার্স নিয়ে যে ধারণা সেটা পাল্টেও দিতে পারে এই প্রতিষ্ঠানটি। এমনটাই মনে করছি।

 

তাছাড়া খারাপ কিছু ঘটলে তো এটা যেকোনো মাধ্যমেই ঘটতে পারে। আমার কাছে এই প্রতিষ্ঠানের পরিকল্পনা ভালো লেগেছে। যদি খারাপ কিছু মনে হতো তাহলে যুক্ত হতাম না।

 

জানা গেছে, ‘নেভার লেট গো অব ইউর নিডস’ স্লোগানকে সামনে রেখে বিজনেস টু কাস্টমার মডেল নিয়ে দেশের বাজারে আসতে যাচ্ছে ‘লেট’স গো মার্ট’। এর প্রচারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন মিম।

 

সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন লেট’স গো মার্ট-এর চেয়ারম্যান মেজর (অবঃ) মো রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক এসএম আসাদুজ্জামান, পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সৈয়দ আশরাফ-উস-সালেহীনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

সৈয়দ আশরাফ-উস-সালেহীন বলেন, ‘দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের এই ই-কমার্স সাইটটি চলবে জিরো ওয়্যার হাউজ ও জিরো অ্যাডভান্স সিস্টেমে। যেখানে কোনও ধরণের পণ্য মজুদ করা হবে না। গ্রাহক অর্ডার করলেই পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রেখেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *