যে কারণে দীর্ঘ ৬ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- টানা ৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। একই সময়ে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবাও পুনরায় চালু হয়।

 

সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে হঠাৎ করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্রবেশ করা যাচ্ছিলো না। ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশের পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না বলে তাদের ডিভাইসের পর্দায় ভেসে ওঠে। পরবর্তীতে সাড়ে ৪টার পরে সাইটগুলো ফিরে আসতে শুরু করে।

 

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, অ্যাপগুলো অকেজো হওয়ার কারণে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপে তারা মেসেজ পাঠিয়ে বলেছেন, কারিগরি সমস্যার কারণে অ্যাপগুলো বিকল হয়।

 

ঠিক কীভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম বিকল হয়েছিল, সে বিষয়ে ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ব্যাকবোন রাউটারে কনফিগারেশন পরিবর্তনের কারণে এমনটি হয়েছিল, যা ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিককে সমন্বয় করে।

 

বিশ্বের অন্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অচল হয়ে পড়ে।

 

এর আগেও একবার এভাবে ডাউন হয়েছিল প্ল্যাটফর্মগুলো। কিন্তু দ্রুত তা ছন্দে ফিরে এসেছিল। তবে এবারের ঘটনা ঐতিহাসিক।

 

ফেসবুকের কর্মীরা সংবাদমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে। ডোমেনে ভুল হওয়ার জন্যই গোটা সার্ভার ক্র্যাশ করেছে। তাদের কেউ কেউ বলছেন, রাউটিং সিস্টেমের গোলমাল থেকে এই ঘটনা ঘটেছে। তবে ইচ্ছাকৃতভাবে এ কাজ করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ঘটনার পরে ফেসবুকের কারিগরি প্রধান এই মেসেজ পাঠিয়েছেন।

 

কীভাবে এই বিভ্রাট ঘটল তার ব্যাখ্যা করতে গিয়ে হার্ভার্ডের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির ডিরেক্টর জোনাথান জিট্রেইন বলেন, ‘গাড়ির ভিতর চাবি রেখে বাইরে থেকে লক করে দিলে যা হয়, ফেসবুকের সার্ভারেও তাই হয়েছে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *