আসছে নতুন ই-কমার্স, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিম

বিনোদন ডেস্ক- সম্প্রতি বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের মানুষের মধ্যে। সেসব প্রায় সব প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ বিভিন্ন উচ্চপদে যুক্ত ছিলেন বিনোদন ও ক্রীড়া জগতের তারকারা।

 

এরই মাঝে দেশের বাজারে আসছে নতুন এক ই-কমার্স সাইট ‘লেট’স গো মার্ট’। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

 

সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী। বিষয়টি শনিবার সন্ধ্যায় নিজেই নিশ্চিত করেছেন মিম।

 

তিনি বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর আমি চুক্তি স্বাক্ষর করেছি। ১ বছরের জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে আমার।’

 

মিম বলেন, ‘দেশের মানুষের মাঝে ই-কমার্স নিয়ে যে বিরূপ ধারণা চলে আসছে, আশা করছি সেই ধারণা পাল্টে দেবে এই প্রতিষ্ঠান।’

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেট’স গো মার্ট-এর চেয়ারম্যান মেজর (অবঃ) মো রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক এসএম আসাদুজ্জামান, পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সৈয়দ আশরাফ-উস-সালেহীনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

সৈয়দ আশরাফ-উস-সালেহীন বলেন, ‘দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের এই ই-কমার্স সাইটটি চলবে জিরো ওয়্যার হাউজ ও জিরো অ্যাডভান্স সিস্টেমে। যেখানে কোনও ধরণের পণ্য মজুদ করা হবে না। গ্রাহক অর্ডার করলেই পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রেখেছি।’

 

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম-স্থান লাভ করেন মিম। একই বছর তিনি ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এর পরে ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *