নজর২৪ ডেস্ক- সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় করা এক প্রতারণার মামলায় সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (১ অক্টোবর) সকালে তাকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে সিআইডি।
শুধুমাত্র কমিউনিটি জবসের নামেই ৩ মাসে ভুক্তভোগীদের কাছ থেকে ২১২ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছে রিং আইডি।
শনিবার (২ অক্টোবর) সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কেবল মাত্র কমিউনিটি জবসের অর্থাৎ বিজ্ঞাপন দেখে আয়ের খাত থেকেই গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ এবং জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে। জনগণের কাছ থেকে আদায় করা এসব টাকার পাচার ঠেকাতে ইতোমধ্যে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে বলেও জানায় সিআইডি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইফুল জানান, এ বিপুল পরিমাণ আমানত গ্রহণের কোন অনুমোদন তিনি বা তাঁর প্রতিষ্ঠান গ্রহণ করেননি।। তাদের এ কার্যক্রমের সঙ্গে কারা কীভাবে জড়িত রয়েছে এবং এ বিপুল পরিমাণ অর্থ তারা কোথায়, কীভাবে সংরক্ষণ করছে তা বিস্তারিত জানতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আইনি প্রক্রিয়া চলাকালে যেন মানুষের কাছ থেকে আদায় করা আমানত অবৈধভাবে দেশের বাইরে পাচার করতে না পারে সে কারণে ইতিমধ্যেই তাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে সিআইডি।





