‘এটা পরিচালকের অসততা’: মুখ খুললেন অর্ষা

বিনোদন ডেস্ক- অভিনেত্রী নাজিয়া হক অর্ষা নাটক, সিনেমায় নিয়মিত ও পরিচিত মুখ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে একজন সিনিয়র পরিচালক তার সঙ্গে অসততা করেছেন বলে উল্লেখ করেছেন।

 

অর্ষা লেখেন, ‘খুব সিনিয়র পরিচালক, প্রায় সবাই তাকে চেনেন। কিছুদিন আগে আমাকে নক করেন একটা সিনেমা করবেন বলে। আমাকেই লাগবে তার চরিত্রটির জন্য।’

 

তিনি আরও লেখেন, ‘আমি বললাম হুট করে সিনেমার জন্য ডেট ম্যানেজ করা তো কঠিন। পরিচালক অনেক অনুরোধ করলেন। আমি রাজি হলাম।’

 

সিনেমার জন্য অন্য প্রোডাকশনে দেয়া সময়গুলো সাফল করেছেন উল্লেখ করে অর্ষা লেখেন, ‘আমাদের মিটিং হবার কথা তিন দিন পর। আজকে (৩০ সেপ্টেম্বর) উনি (পরিচালক) বললেন, কিছু টেকনিক্যাল বিষয়ের জন্য কাজটা হচ্ছে না। ডেট ক্যানসেল করতে হচ্ছে। পরে ডেট মেলাতে পারলে উনি আমাকে নক করবেন।’

 

অথচ এসএমএসটা পড়ার আগেই অর্ষা পড়ে ফেলেছেন সেই পরিচালকের সিনেমায় অভিনয় করছেন অন্য একজন জনপ্রিয় অভিনেত্রী।

 

এ প্রসঙ্গে লেখেন, ‘গতকাল (২৯ সেপ্টেম্বর) রাতেই নাকি একজন জনপ্রিয় অভিনেত্রীকে সিনেমায় চুক্তিবদ্ধ করেছেন। বিষয়টা হাস্যকর হয়ে গেল না? আর শুটিং হবে জানুয়ারিতে। কারণ চুক্তিবদ্ধ হওয়া সেই অভিনেত্রীর শুটিং ডেট ফাঁকা নাই।’

 

পরিচালকের অসততার কথা উল্লেখ করে অর্ষা লেখেন, ‘কাজ নাই হতে পারে কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না।’

 

তবুও সেই পরিচালককে তার প্রথম সিনেমার জন্য আগাম শুভকামনা জানিয়েছেন অর্ষা।

 

সেই পরিচালক ও অভিনেত্রীর পরিচয় জানা গেছে। কারণ এরই মধ্যে সিনেমাটি নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। সেই পরিচালক হলেন অরণ্য আনোয়ার। তিনি তার মা নামের সিনেমায় চুক্তিবদ্ধ করেছেন পরীমনিকে।

 

এদিকে অর্ষার স্ট্যাটাসের পর গণমাধ্যমে কথা বলেছেন অরণ্য আনোয়ারও। তিনি দাবি করেছেন, অর্ষার কাছে সিনেমাটির প্রস্তাব দেওয়ার পর তিনি গুরুত্ব দেননি। এমনকি অগ্রিম পারিশ্রমিকও দাবি করেছেন। অর্ষার এই আচরণে কষ্ট পেয়েছেন বলেও জানান নির্মাতা। এ কারণেই তিনি পরীমণিকে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *