নাসির নয়, তামিমা এখনও রাকিবের স্ত্রী: পিবিআই

নজর২৪, ঢাকা- সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী। সেই হিসেবে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী পরিচয় দেওয়া তামিমা যে বিয়ে করেছেন সেটি অবৈধ। এমনটাই প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

সংশ্লিষ্ট মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই তদন্ত প্রতিবেদন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেছেন।

 

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, তামিমা রাকিবকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এর আগে ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। গত ৩১ আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করেনি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

 

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসেন নাসির ও তামিমা। জানা যায়, তামিমা এর আগেও বিয়ে করেছিলেন। তার আট বছর বয়সী একটি মেয়ে আছে। এর মধ্যেই তামিমার প্রথম স্বামী রাকিব হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের কাছে দাবি করেন, তাকে তালাক না দিয়েই তামিমা বিয়ে করেছেন নাসিরকে। বিষয়টি নিয়ে রাকিবের সঙ্গে নাসিরের একটি ফোনালাপের রেকর্ডও অনলাইনে ভাইরাল হয়।

 

এর মধ্যে জানা যায়, তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করায় রাকিব থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। একই ধরনের আরও দুই ভুক্তভোগীকে নিয়ে রাকিব বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়ার ডিজিটালাইজেশনের জন্য আইনি নোটিশও পাঠান সংশ্লিষ্টদের।

 

সবশেষ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তিনি নাসির ও তামিমার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআই’কে দেন আদালত। যার প্রতিবেদন আজ (বৃহস্পতিবার) আদালতে জমা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *