শেখ হাসিনা, অনেক ভালোবাসি আপনাকে: পরীমণি

বিনোদন ডেস্ক- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির কাছে অগাধ আস্থা আর ভালোবাসার একটি নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি পরীমনির ভক্ত-অনুরাগীদের অজানা নয়। তা আরও ভালোভাবে টের পাওয়া যায় গত ১৩ জুন।

 

সেদিন পরীমনি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করে বিচারের আর্জি জানিয়েছিলেন শেখ হাসিনার কাছে। তাই তো প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে ভালোবাসার কথা জানাতে ভোলেননি এই অভিনেত্রী।

 

১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ২৮ সেপ্টেম্বর জন্ম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। আজ তার ৭৫তম জন্মদিন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার শেখ হাসিনার একটি ছবি পোস্ট করেন পরীমনি।

 

‘ফিলিং ফেস্টিভাল’ দিয়ে সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক ভালোবাসি আপনাকে।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমো।

 

র‍্যাবের হাতে জব্দ পরীমনির ১৬টি আইটেম ফেরত পেতে এদিন দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির হন পরীমনি। এসব মালামালের মধ্যে রয়েছে তার ব্যবহৃত গাড়ি, ল্যাপটপ, মোবাইল ফোন। এ বিষয়ক একটি আবেদনের ওপর শুনানি শেষে শর্ত সাপেক্ষে পরীমনিকে এসব মালামাল ফেরত দিতে আদেশ দেয় আদালত।

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব।

 

পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। অভিযানের সময় পরীমণির গাড়িসহ বাসার বিভিন্ন আসবাবপত্র জব্দ করা হয়।

 

গ্রেফতারের পর তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট চার দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট দুই দিন এবং তৃতীয় দফায় ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর হয় তার। রিমান্ড এবং কারাগার মিলিয়ে ২৭ দিন বন্দি থাকার পর গত ৩১ আগস্ট জামিন পান পরীমণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *