নজর২৪ ডেস্ক- পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাঠদান বা স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক সম্মেলনে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় এ ঘোষণা দেন।
জানা গেছে, দীর্ঘ সাত বছর পর বুধবার অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এতে কেন্দ্রীয় নেতার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহিম ও বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস এতে সভাপতিত্ব করবেন। সম্মেলনকে কেন্দ্র করে দলের দুইটি পক্ষের মধ্যে কয়েক দিন ধরে দ্বন্দ্ব-সংঘাত ও মহড়া চলছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে উৎকণ্ঠা।
আজ দুপুরে সরেজমিন দেখা যায়, আলহাজ্ব স্কুলে শহীদ মিনারের সামনে থেকে খেলার মাঠে বিশাল প্যান্ডেল তৈরি হচ্ছে। মাঠের নিচু জায়গায় বালু দিয়ে ভরাট করা হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ।
পৌর কাউন্সিলর ইউসুফ আলী বলেন, মাঠ ভরাট করার জন্য ইতিমধ্যে ৪০ ট্রাক বালু ফেলা হয়েছে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, করোনায় দেড় বছর স্কুল বন্ধ ছিল। এখন আবার সম্মেলনের জন্য ক্লাস বন্ধ থাকবে। ইচ্ছে করলে নেতারা অন্য কোথাও সম্মেলনের স্থান করতে পারতেন।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ঈশ্বরদীতে সম্মেলন করার অনেক জায়গা রয়েছে। কিন্তু সেসব জায়গায় না করে বিদ্যালয় বন্ধ করে সম্মেলন করাটা খুবই অবিবেচক। তারপরও যদি সম্মেলনটি বিদ্যালয় বন্ধের বা ছুটির দিনে করা হতো তাও কথা ছিল। কোভিডের কারণে শিক্ষার বেহাল অবস্থা তৈরি হয়েছে। সামনে এসএসসি সহ অন্যান্য পরীক্ষা রয়েছে।
তারা আরও জানান, এই অবস্থায় সম্মেলন মাঠ প্রস্তুতের জন্য বেশ কয়েক দিন ধরে বিদ্যালয়ের গেট দিয়ে বালির ড্রাম ট্রাক, ডেকোরেশনের আসবাবপত্র নিয়ে ভারী যানবাহনগুলোর চলাফেরা শিক্ষক –শিক্ষার্থীদের বেশ শঙ্কিত করেছে।
আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, আ. লীগ সম্মেলন করবে। তাই প্রধান শিক্ষকের ক্ষমতায়নে তিন দিনের ঐচ্ছিক ছুটির মধ্যে থেকে একদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি ছুটির বিধি মোতাবেক এই ছুটি দিতে পারেন।
