রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে সোমবার (২৬ সেপ্টেম্বর) গ্যাস ট্যাবলেট পানে মোহাম্মদ আলী (৩০) নামের এক অটো চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।অপরদিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অজ্ঞাত (৪৫) ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার গাড়াদহ ইউনিয়নের পুরান টেপরী গ্রামের মোঃ মাজেদ আলীর ছেলে। ও অজ্ঞাত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি, গ্রামবাসীরা তার দাফন করেছে।
জানা যায়, অটো চালিয়ে রাত আনুমানিক ১১টায় বাড়ি ফেরে মোহাম্মদ আলী। ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত আনুমানিক আড়াইটায় যন্ত্রনায় কাতরাতে থাকেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ আলীর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলীর পিতা মাজেদ আলী জানান, অটো চালিয়ে রাতে বাড়ি ফিরে বিমর্ষ ছিল তার ছেলে। নিহতের স্ত্রী সামিলা তাকে খাবার খেতে ডাকলেও সে খাবার না খেয়েই শুয়ে পরে। রাতে যন্ত্রনায় কাতরাতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ আলী জুয়া খেলায় আসক্ত ছিলেন। জুয়ার ফড় থেকে চড়া সুদে টাকা নিয়ে জুয়া খেলতেন তিনি। সুদের কারবারিদের অত্যাচারের কারণেই তিনি গ্যাস ট্যাবলেট পানে আত্মহত্যা করে থাকতে পারেন।
এই বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে আমরা সকালেই পুরান টেপরী গ্রামে ঘটনাস্থলে উপস্থিত হই। সুরতহালের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে সোমবার সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অজ্ঞাত আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। এলাকাবাসী জানায় মৃত ব্যক্তি একজন মানুষিক রোগী ছিলেন। সে এলাকায় বেশ কিছুদিন যাবৎ পাগলের মতো ঘোড়াফেরা করছিলেন।
জানা যায়, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অচেতন অবস্থায় পরে থাকতো দেখে স্থানীয়দের সন্দেহ হলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।
এই বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান বলেন, অজ্ঞাত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ রুগ্ন ও অসুস্থ্য অবস্থায় পোতাজিয়ার বাজারে ঘোড়াফেরা করছিল। রবিবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের পাশে হয়তো শুয়ে পরেছিল। আনুমানিক ভোর নাগাদ অজ্ঞাত ব্যক্তিটির মৃত্যু হয়।
তিনি আরো জানান, অজ্ঞাত লাশ পড়ে থাকার খবর পেয়ে সকাল ৮টায় ঘটনাস্থলে উপস্থিত হই। পরে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন ও থানার ওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পোতাজিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা ও উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক রাশেদুল হায়দার রাসেদ অজ্ঞাত লাশটিকে দাফনের আর্জি জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। পরে স্থানীয়দের উদ্দোগে অজ্ঞাত ব্যক্তির লাশটি সোমবার বাদ আছর দাফন করা হয়।





